কলকাতায় কাজের খোঁজে এসে মর্মান্তিক পরিণতি, নিউমার্কেটের হোটেল অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১৯ বছরের তরুণের – এবেলা

এবেলা ডেস্কঃ
জীবিকার খোঁজে ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসে এক চরম ট্র্যাজেডির শিকার হলেন ১৯ বছর বয়সী যুবক সন্দীপ পাসওয়ান। নিউমার্কেটের হোটেল শিখা ইন-এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। গিরিডির বাসিন্দা সন্দীপ মাত্র তিন মাস আগে তাঁর কাকার মাধ্যমে কলকাতায় এসে এই হোটেলে সাফাইকর্মীর কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার গভীর রাতে হোটেলের তিনতলায় হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। ফ্রিজের কমপ্রেসার ফেটে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত ধোঁয়া ও হোটেলের সংকীর্ণ বেরোনোর পথ বন্ধ থাকায় আটকে পড়েন ওই তরুণ।
অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন মৃতের কাকা ও দাদা। বছর চারেক আগে বাবাকে হারানো ছেলেটির পরিবারের একমাত্র আশার আলো এভাবে নিভে যাবে, তা মেনে নিতে পারছেন না স্বজনরা। মৃতদেহ শনাক্ত করার পর শোকবিহ্বল পরিবার এখন সন্দীপের নিথর দেহ নিয়ে গ্রামে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে।
