ফরাক্কা কি বাংলাদেশের মৃত্যুফাঁদ? দিল্লির ওপর নতুন চাপ তৈরির কৌশল ঢাকার! – এবেলা

এবেলা ডেস্কঃ
১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসেই শেষ হতে চলেছে। চুক্তি নবীকরণের ঠিক আগে ভারতের কাছে শুষ্ক মরশুমে নির্ভরযোগ্য জল সরবরাহের জন্য কঠোর ‘গ্যারান্টি’ চাইছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকার একটি সেমিনারে দেশটির জলসম্পদ মন্ত্রী শাহাবুদ্দিন চৌধুরী আনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দীর্ঘকাল ধরে ফরাক্কা বাঁধ তাদের দেশের জন্য একটি মৃত্যুফাঁদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। নতুন এই চুক্তিতে ভারত যদি জলের সুনির্দিষ্ট নিশ্চয়তা না দেয়, তবে ঢাকা প্রয়োজনে আন্তর্জাতিক ফোরাম বা সংস্থার দ্বারস্থ হতেও পিছপা হবে না।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং তিস্তা সহ অন্যান্য নদীর জলবন্টন নিয়ে দুই দেশের সম্পর্কে ইতিমধ্যে এক ধরনের শীতলতা বজায় রয়েছে। এর মাঝেই গঙ্গার জলনিরাপত্তা নিয়ে ঢাকার এই নতুন কূটনৈতিক চাপ নয়াদিল্লির মাথাব্যথা বাড়াতে পারে। বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তন ও বর্তমান জলবিজ্ঞানের বাস্তবতায় দাঁড়িয়ে পুরনো সূত্র কার্যকর নয়। এখন দেখার বিষয়, ভারত সরকারের সঙ্গে আসন্ন দরকষাকষিতে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয়।
