নারী ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ: তৃতীয় সন্তানের জন্ম দিলেও মিলবে পুরো ১ বছরের মাতৃত্বকালীন ছুটি! – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিয়ে নজর কাড়ছেন তামিলনাড়ুর নব্য মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এবার রাজ্যের মহিলা সরকারি কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব ও বড়সড় ঘোষণা করল তাঁর সরকার।
নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও মহিলা সরকারি কর্মীরা পূর্ণ বেতনে ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন।
ছুটির নিয়মে কী বদল এলো? এতদিন পর্যন্ত তামিলনাড়ুতে প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি মিললেও, তৃতীয় সন্তানের বেলায় তা ছিল মাত্র ১২ সপ্তাহ বা ৮৪ দিন। নতুন এই সিদ্ধান্তের ফলে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ছুটির সময়সীমা বাড়িয়ে আগের দুই সন্তানের সমান (১ বছর) করা হলো।
মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি সরতকুমার এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সামাজিক কল্যাণ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত এ বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা জারি করা হবে।
কোলে সদ্যোজাতকে নিয়ে বিধানসভায় বিধায়ক! এই গুরুত্বপূর্ণ ঘোষণার দিনই বিধানসভায় দেখা গেল এক অন্যরকম দৃশ্য। ‘তামিলগা ভেত্রি কাজাগম’-এর নবনির্বাচিত বিধায়ক আর পল্লবী নিজের সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে বিধানসভা ভবনে উপস্থিত হন। অধিবেশন শুরুর আগে শিশুটিকে এক পরিচর্যাকারীর দায়িত্বে রেখে তিনি বৈঠকে যোগ দেন।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সমালোচনা শুরু হলে কড়া জবাব দেন পল্লবী। তিনি স্পষ্টভাবে জানান, এত ছোট সন্তানকে একা ঘরে রেখে আসা তাঁর পক্ষে সম্ভব ছিল না। পরিস্থিতি না জেনে মন্তব্য না করার অনুরোধও জানান তিনি।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই রাজ্যের কৃষকদের জন্য সমবায় ব্যাঙ্ক থেকে নেওয়া ৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ১০০% মকুবের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। একের পর এক জনদরদি সিদ্ধান্ত নিয়ে বর্তমানে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
