“আমিই বিচার পাচ্ছি না, সাধারণ মানুষের কী হবে?” মায়ের সন্দেহজনক মৃত্যুর পর ক্ষুব্ধ শীর্ষ পুলিশ আধিকারিক – এবেলা

“আমিই বিচার পাচ্ছি না, সাধারণ মানুষের কী হবে?” মায়ের সন্দেহজনক মৃত্যুর পর ক্ষুব্ধ শীর্ষ পুলিশ আধিকারিক – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার রুধা ধাবরুয়া গ্রামে এক আইপিএস অফিসারের বৃদ্ধা মায়ের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। লখনউতে কর্মরত আইপিএস অফিসার আশুতোষ মিশ্রের মায়ের মৃতদেহ গত ১৬ আগস্ট নিজ ঘর থেকে উদ্ধার হয়। ঘটনাটি সাধারণ মৃত্যু নয়, বরং সুপরিকল্পিত খুন ও ডাকাতি বলে অভিযোগ তুলেছেন খোদ ওই পুলিশ আধিকারিক।

তিনি জানান, মায়ের মুখে তোয়ালে গুঁজে দেওয়া হয়েছিল এবং শরীর থেকে সমস্ত সোনার গয়না গায়েব ছিল। এই মর্মে তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। তবে জেলা পুলিশ সুপার প্রাচী সিং জানান, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এরই মাঝে কিছু সংবাদমাধ্যমে গয়না উদ্ধারের খবর প্রকাশিত হলে ক্ষোভ উগরে দেন আশুতোষ মিশ্র। তিনি প্রশ্ন তোলেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও যদি তাকে নিজের মায়ের মৃত্যুর সঠিক তদন্তের জন্য লড়াই করতে হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? বিতর্ক বাড়ায় জেলা পুলিশ পরবর্তীতে স্পষ্ট করে যে কোনো গয়না উদ্ধার হয়নি এবং ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে। বৈজ্ঞানিক পরীক্ষার রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *