কিশোর-কিশোরীদের সুরক্ষায় ওপেনএআই-এর অভাবনীয় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ
অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে বড়সড় পদক্ষেপ করল ওপেনএআই। কিশোর-কিশোরীদের বাড়তি সুরক্ষার কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো ‘চ্যাটজিপিটি ফর টিনস’। সংস্থার নতুন এই নিয়ম অনুযায়ী, ১৩ থেকে ১৭ বছর বয়সি ব্যবহারকারীদের জন্য নতুন এই বিশেষ ফিচার স্বয়ংসক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। মূলত সাম্প্রতিককালে একাধিক বিতর্ক, আইনি জটিলতা এবং মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের কড়া নজরদারির জেরেই এই বিশেষ সংস্করণটি এনেছে আন্তর্জাতিক এই প্রযুক্তি সংস্থা।
কিশোর পাঠুয়াদের সুবিধার্থে এতে যুক্ত হয়েছে ‘স্টাডি মোড’, যেখানে সরাসরি উত্তর না দিয়ে নির্দেশমূলক প্রশ্নের মাধ্যমে মূল বিষয়টি শেখানো হবে। এছাড়া অতিরিক্ত ব্যবহারের দৌরাত্ম্য কমাতে ব্রেক রিমাইন্ডার, ‘কোয়ায়েট আওয়ার্স’ এবং অভিভাবকদের জন্য বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকছে। ক্ষতিকর তথ্য, সহিংসতা, যৌনতা কিংবা আত্মহত্যার ঝুঁকি সম্বলিত কনটেন্ট প্রতিরোধে থাকবে কড়া ফিল্টার। কোনো ঝুঁকিপূর্ণ আলোচনা শনাক্ত হলে সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে, যা নিরাপত্তা বজায় রেখে যাচাই করবেন প্রযুক্তি কর্মকর্তারা।
