হাত ছেড়ে কাঁটাচামচে দোসা? ‘আদব-কায়দা’ শেখাতে গিয়ে ট্রোলের মুখে প্রশিক্ষক – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় খাওয়া-দাওয়ার কায়দা-কানুন নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এবার আলোচনার কেন্দ্রে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার দোসা। সম্প্রতি নাগপুরের এক এতিকেট বা আদব-কায়দা প্রশিক্ষকের ভিডিও ঘিরে নেটদুনিয়ায় জোর শোরগোল শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে ওই প্রশিক্ষককে হাত না লাগিয়ে চামচ ও কাঁটাচামচের সাহায্যে দোসা কেটে চাটনি ও সাম্বার দিয়ে খেতে দেখা যায়। রেস্তোরাঁয় এভাবে খাওয়াকে তিনি হাত দিয়ে খাওয়ার চেয়ে বেশি স্বাস্থ্যকর এবং মার্জিত বলে দাবি করেন।
ভিডিওটি প্রকাশ পেতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। অধিকাংশের মতে, দোসার মতো ঐতিহ্যবাহী খাবারের স্বাদ হাত দিয়ে খেলেই বজায় থাকে। খাওয়ার আগে হাত ধুয়ে নিলে তা মোটেই অস্বাস্থ্যকর নয়। শিষ্টাচারের নামে ভারতীয় সংস্কৃতি ও খাবারের স্বাদ নষ্ট করার এই চেষ্টাকে আড়ম্বর বলেই মনে করছেন অনেকে। চামচ ব্যবহার ব্যক্তিগত পছন্দ হতে পারে, কিন্তু সেটাই পরিচ্ছন্নতার একমাত্র মাপকাঠি হতে পারে না—এমনটাই বক্তব্য নেটিজেনদের।
