ডায়মন্ড হারবারে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নেই কি কোটি কোটি টাকার দুর্নীতি? অভিষেককে নিশানা ববির – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্যাগের রিপোর্টের ভিত্তিতে ডায়মন্ড হারবারের গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে সরব হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বুধবার তিনি ডায়মন্ড হারবার থানা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ২০১৭ সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ওই প্রকল্পের কাজ সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছিল, যার ফলে হুগলি নদীর ২৫০ মিটার বাঁধ নদীগর্ভে চলে যায় এবং পরবর্তীতে তা মেরামতের জন্য সরকারের অতিরিক্ত ১৬ কোটি টাকা অপচয় হয়।
বিজেপি নেতার আরও অভিযোগ, রাজ্য পর্যটন দপ্তরের বরাদ্দ করা ৭ কোটি টাকারও বেশি অর্থ এই প্রকল্পে জলে গিয়েছে। এমনকি বকেয়া টাকা না মেলায় একটি বেসরকারি সংস্থা আদালতে মামলা করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত ২০২৩ সালের মার্চ মাসে প্রকল্পটি পুরোপুরি বাতিল করা হয়। এই আর্থিক নয়ছয়ের ঘটনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়ে এফআইআর দায়েরের আবেদন করেছেন ওই বিজেপি নেতা।
