৩ মাস পরই বদলাবে ইএমআই! ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
ঋণের কিস্তি বা ইএমআই (EMI) পরিশোধের নিয়মে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের নতুন প্রস্তাব অনুযায়ী, এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর পরিবর্তিত হতে পারে ফ্লোটিং ইন্টারেস্ট রেটের ঋণের ইএমআই। বর্তমানে অনেক ক্ষেত্রে বছরে একবার সুদের হার পুনর্নির্ধারণ করা হয়, যার ফলে রেপো রেটের পরিবর্তনের প্রভাব গ্রাহকের কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। সেই ব্যবধান কমিয়ে আনতে চাইছে আরবিআই। খসড়া পর্যায়ে থাকা এই প্রস্তাবের ওপর আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মতামত নেওয়া হবে এবং তা চূড়ান্ত হলে আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন এই কাঠামো কার্যকর হতে পারে।
রিজার্ভ ব্যাঙ্কের এই প্রস্তাব কার্যকর হলে বাড়ি বা গাড়ির মতো দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক দ্রুত সুদের হার পরিবর্তিত হবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বাড়ালে বা কমালে তার প্রভাব তিন মাসের মধ্যেই গ্রাহকের ইএমআই-তে পড়বে। তবে এই নিয়ম মূলত ফ্লোটিং ইন্টারেস্ট রেটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ফলে অধিকাংশ ফিক্সড ইন্টারেস্ট রেটযুক্ত ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এর কোনো বড় পরিবর্তন হবে না। পাশাপাশি, পুরনো ঋণের ক্ষেত্রেও এই কাঠামো অত্যন্ত ধীরে ধীরে এবং ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
