‘চোর’ অপবাদ ও অবসাদই কি কেড়ে নিল প্রাণ? আশিস বন্দ্যোপাধ্যায়ের অপমৃত্যুতে বিকোল স্মৃতি – এবেলা

‘চোর’ অপবাদ ও অবসাদই কি কেড়ে নিল প্রাণ? আশিস বন্দ্যোপাধ্যায়ের অপমৃত্যুতে বিকোল স্মৃতি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার ও তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত জারি রয়েছে। উদ্ধার হওয়া হাতে লেখা ‘সুইসাইড নোট’-এর মূল কপিটি বাড়ির সোফায় থাকলেও, সেটির দু’টি ফোটোকপি উদ্ধার করা হয়েছে বাড়ির দোতলা এবং সংলগ্ন পার্টি অফিস থেকে। যে মানুষটি সামান্য কাগজের ফোটোকপি করার জন্যও অন্যকে ডাকতেন, তিনি নিজে কীভাবে এটি ফোটোকপি করলেন নাকি অন্য কাউকে দিয়ে করিয়েছেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। পুলিশও খতিয়ে দেখছে অন্য কেউ ফোটোকপি করে থাকলে তাঁর নজরে বিষয়টির স্পর্শকাতরতা ধরা পড়েছিল কি না।

পরিবারের দাবি, সম্প্রতি একটি ঘটনায় তীব্র মানসিক আঘাতে ভুগছিলেন আশিসবাবু। গত ২১ জুলাই কলকাতার দলীয় সভায় আসার পথে শক্তিগড়ের কাছে কিছু যুবক তাঁর গাড়ি আটকে ‘চোর’ স্লোগান দিয়ে অপমান করে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে শিক্ষক হিসেবে পরিচিত মানুষটির পক্ষে এই অপমান সহ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল এবং তার পর থেকেই তিনি গভীর অবসাদে ভুগছিলেন।

বুধবার আশিস বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটের বাড়িতে যান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও সৌগত রায়। তাঁরাও এই ঘটনাকে ‘অপমানের পরিণতি’ বলে আশঙ্কাপ্রকাশ করেন। পাশাপাশি, আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সুস্মিতার সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতার অনুরোধে তিনি রামপুরহাটের বাড়িতে আসবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *