জিবি মিটিং কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর: এসএফআই-এবিভিপি রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে বহু ছাত্র – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেনারেল বডি (জিবি) মিটিংকে কেন্দ্র করে এসএফআই (SFI) ও এবিভিপি (ABVP)-র মধ্যে মারামারির জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলি এই বৈঠকের ডাক দিলে তার তীব্র বিরোধিতা করে এবিভিপি। তাদের বক্তব্য, বর্তমানে রাজ্যে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই এবং এ বিষয়ে সরকারের কোনো নির্দেশিকাও নেই, তাই এই ধরনের বৈঠক অনিয়মতান্ত্রিক।
প্রতিবাদ চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয় এবং ক্যাম্পাস রণক্ষেত্রের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক সমর্থক আহত হলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় আহত পড়ুয়াদের নিয়ে যাদবপুর থানায় যান। তিনি অভিযোগ করেন যে বাম সংগঠনগুলি ক্যাম্পাসের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। সেখানে তিনি এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দেন এবং এবিভিপি সমর্থকরা জড়িতদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায়।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা সুর চড়িয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। তাদের দাবি, এবিভিপিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনার প্রতিবাদে বাম সংগঠনগুলির পক্ষ থেকেও একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
