আমজনতার নাগালে ক্যানসারের ভ্যাকসিন! ট্রায়ালে সাফল্য, এবার কি মারণ রোগের শেষের শুরু? – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্যানসারের চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্যের মুখ দেখল চিকিৎসা বিজ্ঞান। বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা মার্ক এবং মডার্নার যৌথ উদ্যোগে তৈরি নতুন এক ক্যানসার টিকা প্রাথমিক ট্রায়ালে দারুণ ইতিবাচক সাড়া দিয়েছে। মূলত ত্বকের জটিল ক্যানসার বা মেলানোমায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের ওপর কেট্রুডা নামক বহুল ব্যবহৃত ওষুধের সাথে এই টিকা প্রয়োগ করা হয়েছিল। গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর শরীরে পুনরায় ক্যানসার ফিরে আসা এবং এক অঙ্গ থেকে অন্য অঙ্গে মারণ রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় এই বিশেষ প্রতিষেধক। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটও তাদের তৈরি টিকার প্রাথমিক পরীক্ষায় আশাব্যাঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা প্রতিটি রোগীর শারীরিক গঠন অনুযায়ী পৃথকভাবে তৈরি করা হবে। মানবদেহে প্রবেশ করে এটি বিশেষ অনাক্রম্যতা বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যা শরীরে ক্যানসার কোষ দেখা দেওয়া মাত্রই চিহ্নিত করে তা ধ্বংস করে ফেলে। যৌথ টিকার এই অভাবনীয় কার্যকারিতা ভবিষ্যতে অন্যান্য ক্যানসার চিকিৎসাতেও বিপ্লব আনবে বলে আশা করছেন গবেষকেরা। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আসতে চলেছে অত্যন্ত প্রত্যাশিত এই মারণ রোগ প্রতিরোধী টিকা।
