আমিরশাহীর হোটেলে পাকিস্তানিদের ঘরে ঢুকতে নিষেধাজ্ঞা, ভারতীয় ও মার্কিনদের ছাড় নিয়ে পাক সংসদে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে তীব্র অপমানের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিকার তথা বর্তমান সাংসদ আসাদ কাইসার। সম্প্রতি বিমান বাতিল হওয়ায় দুবাইয়ের একটি হোটেলে ঘর চাইতে গেলে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, সেখানে শুধু ভারতীয় এবং মার্কিন পাসপোর্টধারীদেরই থাকার অনুমতি রয়েছে। পাকিস্তানি হওয়ায় তাঁদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর আচরণ করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। পাক সংসদে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে কাইসার বলেন, আমিরশাহীর উন্নয়নে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে এবং এটি একটি ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
ঘটনার পর আমিরশাহীর একটি প্রতিনিধি দল কাইসারের সঙ্গে যোগাযোগ করেছে বলে তিনি দাবি করেছেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর যেন এই ঘটনার প্রভাব না পড়ে, সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি। কাইসারের মতে, পাকিস্তানের নাগরিকরা আজও আমিরশাহীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেন। তবে এই চাঞ্চল্যকর অভিযোগ প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বর্তমানে ১৫ লাখেরও বেশি পাকিস্তানি নাগরিক আমিরশাহীতে বসবাস করছেন, যার ফলে এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
