শিলিগুড়িতে অমিত শাহ: উত্তরবঙ্গে নিরাপত্তার হাইভোল্টেজ বৈঠক ও বিএনএস প্রদর্শনী – এবেলা

এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের শিলিগুড়িতে এসে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, বিশাল লামা এবং দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
দু’দিনের এই হাইভোল্টেজ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মূল নজরে থাকছে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পাহাড়ের একাধিক সমস্যা।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সুকনার একটি হোটেলে অবস্থান করেন অমিত শাহ। শুক্রবার সকালে তাঁর সুকনার সশস্ত্র সীমা বল (এসএসবি) শিবিরে যাওয়ার কথা। সেখানে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন্স নেক’-এর নিরাপত্তা নিয়ে আয়োজিত দু’টি বৈঠকে যোগ দেবেন তিনি। এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত থাকবেন।
এসএসবি শিবিরের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে। সেখানে তিনি ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)-র একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত থাকবেন। এই প্রদর্শনীতে নতুন আইনের বিভিন্ন ধারা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
শুক্রবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। এরপর শনিবার পাহাড়ের রাজনৈতিক ও আঞ্চলিক সমস্যা নিরসনে পর পর দু’টি বৈঠকে বসবেন তিনি। যাবতীয় সূচি শেষ করে সেদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
