নিউটাউনে ১২০০ কোটির মেগা হাসপাতাল! গৌতম আদানির হাত ধরে স্বাস্থ্যক্ষেত্রে নতুন যুগ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক বিনিয়োগ করতে চলেছে আদানি শিল্পগোষ্ঠী। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই নিউটাউনে আন্তর্জাতিক মানের মেগা প্রকল্প ‘আদানি আরোগ্য নিকেতন’-এর শিলান্যাস হতে পারে। প্রায় ১,২০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠতে চলা এই হাসপাতালের উদ্বোধনে খোদ আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি উপস্থিত থাকতে পারেন।
নিউটাউনের প্রায় ৫১.৭৫ একর জমির উপর প্রস্তাবিত এই হাসপাতালটি চালু হলে রাজ্য অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। নবান্নে জমা পড়া রিপোর্ট অনুযায়ী, এটি পুরোপুরি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের বার্ষিক প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুবিধা হতে পারে। নির্মাণ পর্বেই রাজ্যে প্রায় ১,৮০০ কোটি টাকার অর্থনৈতিক উৎপাদন হবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্পের প্রাথমিক চুক্তি অনুযায়ী ১,০০০ শয্যার এই হাসপাতালে ৫০০টি বেড সাধারণ রোগীদের জন্য বিনামূল্যে রাখার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রী শয্যা সংখ্যা বাড়িয়ে ২,০০০ করার প্রস্তাব দিয়েছেন। আমেরিকার প্রখ্যাত ‘মেয়ো ক্লিনিক’-এর চিকিৎসা প্রযুক্তি ও সহায়তায় গড়ে উঠতে চলা এই হাসপাতালটি মেডিক্যাল ট্যুরিজম ও গবেষণার বড় হাব হয়ে উঠবে। এর মাধ্যমে হাজার হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং রাজ্য বার্ষিক কোটি কোটি টাকার সার্বিক আর্থিক সুবিধা পাবে।
