ভিনরাজ্যে নয়, ঘরের কাছেই কর্মসংস্থান! ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষিদের ভাগ্য বদলাতে বড় পরিকল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ
পরিযায়ী শ্রমিকের তকমা মুছে এবার নিজ রাজ্যেই ঘুরে দাঁড়ানোর পালা ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষিদের! ভিনরাজ্যে কাজের সন্ধানে পাড়ি জমানোর দিন শেষ করে স্থানীয় স্তরেই কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের মাস্টারপ্ল্যান সামনে আনলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রবীন্দ্রভবনে ‘স্বাবলম্বী ভারত অভিযান’-এর উদ্যোগে আয়োজিত ‘উদ্যামিতা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এই জোরালো বার্তা দেন তিনি।
মন্ত্রী স্পষ্ট জানান, সুন্দরবনসহ বিভিন্ন এলাকার যুবসমাজকে আর পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হবে না। বরং কৃষি, মৎস্য, ফল-ফুল চাষ ও খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে জেলাতেই স্বনির্ভরতার সুযোগ তৈরি করা হবে। বারুইপুরের বিখ্যাত পেয়ারার মতো স্থানীয় উৎপাদনগুলোকে সঠিক প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে বড় বাজারে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে গ্রামীণ অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনই চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি লাভবান হবেন।
