বুদ্ধ-জায়ার স্বাস্থ্যের অবনতি, পেটের জটিল সমস্যায় হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ড, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

বুদ্ধ-জায়ার স্বাস্থ্যের অবনতি, পেটের জটিল সমস্যায় হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ড, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

পেটব্যথার দীর্ঘস্থায়ী সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। গত দু’সপ্তাহ ধরে তাঁর শারীরিক কষ্ট ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সি মীরার সুচিকিৎসার জন্য ইতিমধ্যে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। কার্ডিওলজিস্ট ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্টসহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার হাসপাতালে ভর্তির পর তাঁর পেটের সিটি স্ক্যান করানো হলে বাঁ দিকে একটি পুরু আস্তরণের উপস্থিতি ধরা পড়ে। এই জটিলতার নেপথ্যের সঠিক কারণ উদঘাটনে চিকিৎসকেরা আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, শনিবার সন্ধ্যায় আলিপুরের ওই হাসপাতালে গিয়ে মীরার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় আধ ঘণ্টা হাসপাতালে কাটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রোগীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকেরাই বিস্তারিত জানাবেন। আপাতত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বুদ্ধ-জায়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *