পকেটে মাত্র ১০০০ টাকা! ২২ বিশ্ববিদ্যালয়ের প্রত্যাখ্যান পেরিয়ে ৩.৫ কোটির স্কলারশিপ পেল বিহারের তরুণ! – এবেলা

এবেলা ডেস্কঃ
পকেটে মাত্র ১০০০ টাকা আর পুরোনো ল্যাপটপ নিয়ে মাত্র ১৪ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন বিহারের চম্পারণের আদর্শ কুমার। বিদেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য পেলেন এই ১৯ বছরের তরুণ। কাতারের দোহায় অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রায় ৩.৫ কোটি টাকার স্কলারশিপ জিতে নিয়েছেন তিনি। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, থাকা-খাওয়া, বিমানভাড়া এবং স্বাস্থ্য বিমার সমস্ত খরচ বহন করা হবে।
অভাবের সংসারে একা মায়ের হাতে বড় হওয়া আদর্শ পড়াশোনার পাশাপাশি নিজেই গড়ে তোলেন ‘স্কিলজো’ প্ল্যাটফর্ম, যা প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে। ইতিপূর্বে ১৪৮টি দেশের প্রায় ১১ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি অর্জন করেছিলেন মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টুডেন্ট প্রাইজ ২০২৫’। আগামী দিনে রাজনীতি বিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
