ক্লাসে দুষ্টুমি করায় শাসন! ক্ষিপ্ত বাবা স্কুলে ঢুকে প্রধান শিক্ষক ও শিক্ষককে পেটালেন বেল্ট দিয়ে! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার বনগাঁর নামী শিক্ষাপ্রতিষ্ঠান হরিপদ ইন্সটিউশনে ঘটে গেল এক নক্কারজনক ঘটনা। ক্লাসে হট্টগোল করার অপরাধে কয়েকজন ছাত্রকে শাসন করেছিলেন এক শিক্ষক। আর এর জেরে স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষক ও এক শিক্ষককে কোমরের বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ছাত্রের বাবার বিরুদ্ধে। এই ঘটনায় চরম আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক মহল। অভিযুক্ত অভিভাবককে ইতিমধ্যেই আটক করেছে গোপালনগর থানার পুলিশ।
স্কুল সূত্রে জানা যায়, সোমবার একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের কাজ চলাকালীন ক্লাসে গোলমাল করছিল কিছু পড়ুয়া। বারণ করা সত্ত্বেও তারা না থামায় বাংলার শিক্ষক অরুণ দাস তাদের শাসন করেন। এরপর ওই ছাত্র তার বাবা দেবব্রত দাসকে ফোন করে ডেকে পাঠায়। স্কুলে এসে প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডলের ঘরে ঢুকে চড়াও হন ওই অভিভাবক। এরপর কোমর থেকে বেল্ট খুলে বাংলার শিক্ষক এবং বাঁচাতে গেলে প্রধান শিক্ষককেও মারধর করেন তিনি। শিক্ষকদের ন্যূনতম শৃঙ্খলারক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
