অবশেষে ঘুচল ১৬ বছরের ব্রেকথ্রু জট! বরাহনগর থেকে ব্যারাকপুর কবে ছুটছে মেট্রো? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত পিঙ্ক লাইন মেট্রো প্রকল্পের জট কাটল। কলকাতা পুরনিগম এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি দেওয়ায় কাজের পথ প্রশস্ত হয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে কলকাতা পুরনিগমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, উত্তর শহরতলিতে দ্রুত গণপরিবহণ সম্প্রসারণের এই মাইলফলক পদক্ষেপে যাতায়াতের সময় কমার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো করিডর ২০১০ সালে অনুমোদিত হলেও পানীয় জল সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কাজ দীর্ঘদিন থমকে ছিল। তবে বর্তমান সরকারের উদ্যোগে বিকল্প পাইপলাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। মাটির উপর দিয়ে চলা এই পিঙ্ক লাইন রুটে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মোট ১১টি স্টেশন নির্মিত হবে। দীর্ঘ ষোল বছরের স্থবিরতা কাটিয়ে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দ্রুত শুরু হওয়ায় উত্তর শহরতলির নিত্যযাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।
