“নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ নয়”, SIR মামলায় নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলল শীর্ষ আদালত – এবেলা
এবেলা ডেস্কঃ
SIR (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, SIR তালিকা থেকে কারও নাম বাদ যাওয়ার অর্থ এই নয় যে তাঁর নাগরিকত্ব খারিজ হয়ে গেছে। তাই যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের কোনোভাবেই সরকারি বা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, ট্রাইব্যুনালগুলিতে মোট ৩৮ লক্ষ ১০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩১ লক্ষ আবেদনই এসেছে কারও নাম বাদ দেওয়ার দাবিতে, আর ৭ লক্ষ আবেদন জমা পড়েছে নতুন করে নাম তোলার জন্য।
সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চায়—এই ৭ লক্ষ আবেদনের মধ্যে কতগুলির নিষ্পত্তি করা হয়েছে। কমিশনের জবাবে জানানো হয়, এখনও পর্যন্ত ৮২ হাজার আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৭৫ হাজার মানুষের নাম পুনরায় ভোটার তালিকায় তুলে নেওয়া হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে কমিশন ও কলকাতা হাইকোর্টের মধ্যে আলোচনা চলছে এবং আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
