শুভেন্দুর মাস্টারস্ট্রোক! পুজোর আগেই ৫০০ টাকা বাড়ল বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতা, মাসে মিলবে ২০০০ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজোর আগেই রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম (দিব্যাঙ্গ) মানুষদের জন্য বড় ধরনের স্বস্তির খবর নিয়ে এলো রাজ্য সরকার। বাড়ানো হলো সামাজিক নিরাপত্তার আওতায় থাকা তিন প্রধান ভাতা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভাতাতেই ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে, যার ফলে যোগ্য উপভোক্তারা এখন থেকে প্রতি মাসে পাবেন মোট ২,০০০ টাকা করে।
সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অর্থ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের দুস্থ ও প্রান্তিক মানুষদের সামাজিক নিরাপত্তা প্রদান এবং তাঁদের আর্থিক স্বাবলম্বী করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এই তিন সামাজিক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করেছিল, যা চলতি আগস্ট মাস থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেই বর্ধিত অর্থ হাতে পাওয়ার আগেই ফের ৫০০ টাকা বৃদ্ধির এই বড় ঘোষণা করা হলো।
টাকা পাওয়ার ১টিই মূল শর্ত: ভাতা বাড়লেও নতুন এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি কড়া শর্ত আরোপ করেছে প্রশাসন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, পূর্ববর্তী সরকারের আমলে করা বার্ধক্য, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের যাবতীয় পুরনো আবেদনপত্র বাতিল করা হচ্ছে।
ফলে, যাঁরা আগে আবেদন করেছিলেন কিংবা বর্তমানে সুবিধা পাচ্ছেন, নতুন হারে মাসে ২,০০০ টাকা করে পেতে হলে তাঁদের সবাইকে নতুন করে আবেদন করতে হবে। নতুন জমা পড়া আবেদনপত্রগুলি প্রশাসনিক স্তর থেকে কড়া পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই (Verification) করা হবে। তথ্য ও যোগ্যতা প্রমাণ হওয়ার পরেই কেবল প্রকৃত এবং যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে সরকারি অর্থ।
