উচ্চমাধ্যমিক পরীক্ষার কড়া নির্দেশ, বন্ধ হচ্ছে কেন্দ্রের আশপাশের জেরক্সের দোকান! – এবেলা

উচ্চমাধ্যমিক পরীক্ষার কড়া নির্দেশ, বন্ধ হচ্ছে কেন্দ্রের আশপাশের জেরক্সের দোকান! – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, যা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে একগুচ্ছ কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হলেও কিছু নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা এক ঘণ্টার হবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে হবে এবং পরীক্ষার ১৫ মিনিট আগে নিজেদের আসনে বসতে বাধ্যতামূলক করা হয়েছে। সঙ্গে আনতে হবে অনলাইনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও বলপেন।

পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে সংসদ। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরের বন্দোবস্ত থাকছে। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৮৪ ধারা বলবৎ থাকার পাশাপাশি পার্শ্ববর্তী সমস্ত জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা কিংবা ওএমআর শিটে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট সরাসরি বাতিল করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *