গোপন তথ্য ফাঁস করেছিল কে? ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন CDS-এর, প্রশ্নের মুখে পাকিস্তান! – এবেলা

এবেলা ডেস্কঃ
‘অপারেশন সিঁদুর’-এর পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতার কারণেই ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত থমকেছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, দুই দেশের ডিজিএমও (DGMO)-দের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল।
দিল্লির একটি অনুষ্ঠানে প্রাক্তন সেনাপ্রধান সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলে প্রশ্ন তোলেন— ভারত বা পাক সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই কীভাবে ওয়াশিংটন এই তথ্য জানতে পারল? তিনি স্পষ্ট করেন, ভারতীয় সেনা কোনো তথ্য ফাঁস করেনি; বরং পাকিস্তানই গোপনে আমেরিকার কাছে খবর পৌঁছে দিয়েছিল।
একই সাথে তিনি গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পর ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের গোপন বৈঠকের কথা প্রকাশ করেন। জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী, মোদী সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে বলেছিলেন, “আমার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। নিজেদের সুবিধাজনক সময়ে এমন প্রতি-আক্রমণ করুন, যা পাকিস্তান কল্পনাও করতে পারবে না— তবে অভিযান ব্যর্থ হওয়া চলবে না।” দেশের শীর্ষ সামরিক কর্তার এই বক্তব্যে বর্তমানে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
