অস্ট্রেলিয়ার মাঠে ঝড় তুলতে প্রস্তুত সঞ্জয়-কন্যা! মাঝের লড়াই জিতে অবশেষে মিলল ক্রিকেটের সবুজ সংকেত? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ আইনি ও শারীরিক লড়াই পেরিয়ে অবশেষে কমিউনিটি ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার। ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের পর ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছিল তাঁকে। আইসিসি ও বিসিসিআইয়ের কঠোর নিয়মের বেড়াজালে ভারতীয় ক্রিকেটে তাঁর ফেরার দরজা বন্ধ থাকলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়মে শিথিলতা থাকায় ভাগ্য খুলল তাঁর। অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী টেস্টোস্টেরনের মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে প্রিমিয়ার বা কমিউনিটি ক্রিকেটে অংশ নিতে পারেন ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা। সেই সুবাদেই আপাতত অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটে-বলে নিজের পুরোনো ছন্দ ফিরে পেতে মরিয়া তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্তে আপ্লুত অনয়া কৃতজ্ঞতা জানিয়েছেন বোর্ডকে। অতীতে সরফরাজ খান ও মুশির খানদের সঙ্গে মুম্বইয়ের বয়সভিত্তিক ক্রিকেটে দ্যুতি ছড়ানো অনয়া হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির পর থেকেই মাঠের বাইরে ছিলেন। ২০২৭ সালের মার্চ মাসে নির্দিষ্ট রক্ত পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে তাঁর পরবর্তী মহিলা দলের ক্রিকেট ভবিষ্যৎ। তবে আপাতত বিগ ব্যাশ লিগ বা এলিট স্তরের টুর্নামেন্টে খেলতে না পারলেও, অস্ট্রেলিয়ার স্থানীয় কমিউনিটি ক্রিকেটে অংশ নিতে তাঁর আর কোনো বাধা রইল না। ভারতীয় ক্রিকেটে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তি নিয়ে বিসিসিআইয়ের কাছে আবেদন জানালেও দেশের মাটিতে খেলার সুযোগ মেলেনি। সুদূর অস্ট্রেলিয়ার হাত ধরে তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন আন্তর্জাতিক ক্রীমহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
