রাখিবন্ধনে ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষ: তৃণমূল-এবিভিপি হাতাহাতিতে রণক্ষেত্র বারাসাত বিশ্ববিদ্যালয়! – এবেলা

এবেলা ডেস্কঃ
পবিত্র রাখিবন্ধন উৎসবের দিনে চরম হিংসার সাক্ষী থাকল বারাসাত বিশ্ববিদ্যালয়। উৎসব উদযাপনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপি (ABVP)-র মধ্যে বাঁধে তীব্র সংঘর্ষ, যা মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পাসকে রণক্ষেত্রের রূপ দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে রাখি পরানোকে ঘিরে দুই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। কথা কাটাকাটি মারাত্মক রূপ নিলে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, এবিভিপির কর্মীদের লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ চালানো হয়, যার ফলে তাদের দুই সমর্থক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষাঙ্গনে এই আচমকা সংঘর্ষের জেরে সাধারণ পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাস জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উৎসবের দিনে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন রক্তক্ষয়ী ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
