“চিনি না সিঙ্গাপুরি?”— পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ ও সুকান্তর তোপ! – এবেলা

“চিনি না সিঙ্গাপুরি?”— পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ ও সুকান্তর তোপ! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে পারদ দ্রুত চড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের সফল কৌশলে আস্থা রেখেই এবার পুরভোটেও বড়সড় সাফল্যের স্বপ্ন দেখছে বিজেপি। দলের দায়িত্ব কাঁধে পাওয়ার পরেই বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিলেন আগামী দিনের রণকৌশল।

সংবাদ সম্মেলনে সুকান্ত মজুমদার সাফ জানিয়ে দেন, বিধানসভা ভোটের কায়দাতেই এবার পুরসভা এলাকাগুলিতেও শাসকদলের বিরুদ্ধে বিশেষ রাজনৈতিক ‘চার্জশিট’ আনবে বিজেপি। পুরসভার ১৩০ জন তৃণমূল কাউন্সিলরকে সরাসরি নিশানা করে তীব্র কটাক্ষের সুরে তিনি বলেন— “তৃণমূলের সবারই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। কোন কাউন্সিলর ‘চিনি কলা’ আর কোনটা ‘সিঙ্গাপুরি’, দল তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে।” এর পাশাপাশি আগামী নির্বাচনে ক্লিন ইমেজ সম্পন্ন ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

জোটের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি আগামী পুরভোটে একাই লড়াই করবে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১০টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে রয়েছে। আর আগামীতে সীমানা পুনর্বিন্যাসের পর ওয়ার্ড সংখ্যা ২০০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় অন্তত ১৫০টি ওয়ার্ডে জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামছে দল। নির্বাচন কমিশন যখনই ভোট ঘোষণা করুক, বিজেপি যে লড়াইয়ের জন্য সর্বতোভাবে প্রস্তুত, সেই বার্তাই এ দিন দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *