নীলগিরিতে বড় বিপদের ঘণ্টা! সময়ের আগেই ফুটছে ফুল, শুকিয়ে হাহাকার জঙ্গল – এবেলা

এবেলা ডেস্কঃ
জলবায়ু পরিবর্তনের জেরে আমূল বদলে যাচ্ছে দক্ষিণ ভারতের বিখ্যাত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের প্রাকৃতিক ঋতুচক্র। আন্তর্জাতিক জার্নাল ‘রিমোট সেন্সিং’-এ প্রকাশিত নতুন এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় দুই দশকের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন যে, এই অঞ্চলে লাগাতার বাড়ছে তাপমাত্রা এবং পাল্লা দিয়ে কমছে গড় বৃষ্টিপাত। এর ফলে আর্দ্র ও শুষ্ক পর্ণমোচী থেকে শুরু করে চিরসবুজ—সব ধরনের অরণ্যের স্বাভাবিক জৈবিক কার্যক্রমে বড়সড় বিঘ্ন ঘটছে।
বিশেষ করে বিখ্যাত শোলা অরণ্য ও স্থানীয় গাছপালাগুলো বর্তমানে চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। পরিবেশবিদদের মতে, ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার বদলে জঙ্গলগুলোতে এখন চরম শুষ্কতা ও হলদেটে ভাব দেখা দিচ্ছে। সময়ের অনেক আগেই ফুল ফোটা এবং পরাগরেণু বাহকদের সঙ্গে উদ্ভিদের জীবনচক্রের সঠিক সামঞ্জস্য নষ্ট হওয়ায় নতুন চারা জন্মানোর হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিশেষজ্ঞদের জোরালো সতর্কবাণী, এখনই কার্যকর সংরক্ষণ পদক্ষেপ গ্রহণ করা না হলে এই অঞ্চলের অনন্য জীববৈচিত্র্য চিরতরে ধ্বংস হয়ে যাবে।
