খুশির খবর! সিভিক ভলান্টিয়ারদের পকেট ভারী হতে চলেছে, সেপ্টেম্বরেই মিলবে মোটা অংকের টাকা! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ১ অগস্ট থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এত দিন তাঁরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পেতেন, যা এখন বেড়ে দাঁড়াল ১২ হাজার টাকায়। বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই দাবি পর্যালোচনার পর রাজ্যপাল সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেন এবং অর্থ দফতরও এতে সম্মতি জানিয়েছে।
নতুন এই নির্দেশিকার ফলে সেপ্টেম্বর মাসেই বর্ধিত টাকা হাতে পাবেন কর্মীরা। তবে স্পষ্ট করা হয়েছে যে, সাম্মানিক বৃদ্ধি পেলেও সিভিক ভলান্টিয়ারদের চাকরির অন্যান্য শর্ত বা নিয়মে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্ধিত এই ভাতার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত খরচ সরকারের সংশ্লিষ্ট উপযুক্ত খাত থেকেই মেটানো হবে। আকস্মিক এই সাম্মানিক বৃদ্ধিতে রাজ্য পুলিশের অন্দরে স্বস্তির হাওয়া বইছে, যা তাঁদের কাজের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
