ডায়েট করলেই কি বাদ দিতে হবে বিরিয়ানি? মেদ না বাড়িয়ে খাওয়ার দুর্দান্ত উপায়! – এবেলা

এবেলা ডেস্কঃ
ওজন কমানোর প্রক্রিয়ায় রগরগে বিরিয়ানি সাধারণত ব্রাত্য তালিকার শীর্ষে থাকে। দোকানের বিরিয়ানিতে থাকা অতিরিক্ত ফ্যাট, কার্বোহাইড্রেট ও সোডিয়াম শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে, যা থেকে ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের ঝুঁকি বাড়ে। তবে পুষ্টিবিদদের মতে, সাধের বিরিয়ানি পুরোপুরি বাদ না দিয়েও ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য প্রয়োজন সামান্য রন্ধনশৈলী ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, যা একাধারে ক্রেভিং মেটায় এবং ফ্যাট-লস জার্নিকেও অক্ষুণ্ণ রাখে।
বাড়িতে ডায়েট-ফ্রেন্ডলি বিরিয়ানি তৈরির জন্য কিছু সহজ কৌশল অবলম্বন করা যেতে পারে। বড় প্লেটের পরিবর্তে পরিমিত পরিমাণে বিরিয়ানি খেয়ে সঙ্গে রাখুন সেদ্ধ ডিম, স্যালাড ও রায়তা। এছাড়া ডুবো তেলে বেরেস্তা না ভেজে এয়ার-ফ্রায়ার ব্যবহার করুন এবং খাসির মাংসের বদলে কম ফ্যাটযুক্ত মুরগি, পনির বা সোয়া চাঙ্ক বেছে নিন। চালের পরিমাণ কমিয়ে প্রোটিনের মাত্রা বাড়ালে স্বাদ ও পুষ্টির সঠিক ভারসাম্য বজায় থাকে। সর্বোপরি, একটি খাবারকে ভিলেন না বানিয়ে সামগ্রিক ক্যালোরি ও শারীরিক কসরতের দিকে নজর দেওয়া জরুরি।
