অপারেশন সিঁদুরে ব্যবহৃত সেই যুদ্ধবিমান এবার বাংলাদেশে! বিরাট প্রতিরক্ষা চুক্তির পথে ঢাকা! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে ২০টি আধুনিক যুদ্ধবিমান কেনার বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা। ‘ফোর্সেস গোল ২০৩০’ কর্মসূচির আওতায় এই প্রতিরক্ষা চুক্তির জন্য প্রায় ২৩০ কোটি ডলার ব্যয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে চীন সফরে গিয়ে এই বিষয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করেছিলেন তারেক রহমান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, পাকিস্তান অতীতে ভারতের বিরুদ্ধে যে যুদ্ধবিমান ব্যবহারের পরিকল্পনা করেছিল, সেই জে-১০সিই মডেলের বিমানই এবার কিনছে বাংলাদেশ। বিমানপ্রতি সাড়ে ১১ কোটি ডলার খরচ ধরে বর্তমানে দর-কষাকষি চলছে।
তবে এই প্রতিরক্ষা চুক্তি ঘিরে কূটনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা জাহেদ উর রহমানের দাবি, ভারতের রাফালে বিমানের বিরুদ্ধে চিনা যুদ্ধবিমানগুলো ভালো ফল করেছিল, যদিও ভারত এই দাবি অস্বীকার করে আসছে। তা সত্ত্বেও ঢাকার এই পদক্ষেপ ঘিরে ভূ-রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বিশ্লেষকদের মতে, এই সামরিক চুক্তির ফলে বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই নতুন সমীকরণ আঞ্চলিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
