ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল! দ্রুত শুনানির আর্জিতে কী বলল আদালত? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সাইনবোর্ড খোলার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। শুক্রবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি রাজা বসুচৌধুরী মামলা দায়ের করার অনুমতি দিয়ে নির্দেশ দেন, মামলার নম্বর আসার পরেই শুনানি সম্ভব হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে তিন হাজার স্কোয়ার ফুটের বেশি জায়গা জুড়ে থাকা ওই কার্যালয়ের মাথায় থাকা ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা সাইনবোর্ড ভেঙে দেয় কলকাতা পুরসভা।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুরসভার কাজ আটকাতে গিয়ে দফায় দফায় বচসা ও ধস্তাধস্তিতে জড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা-কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সিঁড়িতে শুয়ে পড়ে পুলিশ ও পুরসভার কর্মীদের আটকানোর চেষ্টা করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্যরা। পুলিশকর্মীদের ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে। সমস্ত বাধা উপেক্ষা করে পুরসভা বিলবোর্ড ভেঙে দিলেও, সামান্য সময়ের ব্যবধানে তৃণমূলের পক্ষ থেকে সেখানে ফের সাইনবোর্ড বসানো হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
