রঙের কাজে ডেকে যুবতীকে ধ*র্ষ*ণ! টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার অভিযোগ কোন্নগরে – এবেলা

এবেলা ডেস্কঃ
হুগলির কোন্নগরে রঙের কাজের কথা বলে ডেকে এক যুবতীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠল। বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই যুবতী বৃহস্পতিবার সকালে কাজের খোঁজে কোন্নগরের কানাইপুরে এক বাড়িতে গেলে তাঁকে একা পেয়ে এই নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, ঘটনার পর মুখ বন্ধ রাখতে তাঁকে টাকার প্রলোভনও দেওয়া হয়। সাহস জুগিয়ে তিনি বিষয়টি স্বামীকে জানান এবং কানাইপুরে পৌঁছে স্বামী তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
এদিকে, এই ন্যক্কারজনক ঘটনার পাশাপাশি সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসাগত পরীক্ষা করানো হয়নি। চিকিৎসক না থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে সমস্ত আইনি প্রক্রিয়া ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর নির্যাতিতা বাড়ি ফিরে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
