ঝামেলা শেষ! এবার কঠিন ইউপিআই আইডি ছাড়াই নিমেষে করুন অনলাইন পেমেন্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
আজকাল ছোটখাটো কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন লেনদেনে ইউপিআই ব্যবস্থার ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। তবে এতদিন টাকা পাঠানোর জন্য জটিল ইউপিআই আইডি, কিউআর কোড বা মোবাইল নম্বরের ওপর ভরসা করতে হতো। গ্রাহকদের লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে এবার চালু হয়েছে বিশেষ ‘ইউপিআই নম্বর’ পরিষেবা। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট কোনো জটিল আইডি ছাড়াই খুব সহজে টাকা আদান-প্রদান করা সম্ভব হচ্ছে।
ইউপিআই নম্বর মূলত একটি ৮ থেকে ৯ সংখ্যার বিশেষ নম্বর বা আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর, যা সরাসরি আপনার ইউপিআই আইডির সঙ্গে যুক্ত থাকে। যেকোনো পেমেন্ট অ্যাপের প্রোফাইল বা সেটিংস অপশনে গিয়ে খুব সহজেই এই নম্বর তৈরি বা প্রয়োজনে ডিলিট করা যায়। দীর্ঘ জটিল অক্ষরের আইডির তুলনায় এই সংক্ষিপ্ত সংখ্যা মনে রাখা যেমন সহজ, তেমনই এটি লেনদেনের সময় বাড়তি গোপনীয়তা বজায় রাখতেও সাহায্য করে।
