সৌরভের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’র ঘরে পা রাখছেন কারা? জল্পনায় টলিউডের এই জনপ্রিয় তারকারা – এবেলা

এবেলা ডেস্কঃ
আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, আগামী ৩০ আগস্ট রাত আটটায় শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা সিজন ৩’। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ওপেনিং নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। আগামী তিন মাসের জন্য বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে প্রতিযোগীরা এক আলাদা ঘরে সময় কাটাবেন। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই টলিউড ও সোশ্যাল মিডিয়া পাড়ায় সম্ভাব্য প্রতিযোগীদের নাম নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা-কল্পনা।
টালিউড থেকে শুরু করে ভিনরাজ্যের একাধিক জনপ্রিয় মুখ এবার বিগ বসের ঘরের আকর্ষণ হতে চলেছেন। সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে এসেছে অভিনেত্রী মনামী ঘোষ, সোনামণি সাহা এবং সৃজলা গুহর নাম। সম্প্রতি মনামীকে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা যাওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়েছে। এছাড়া শহর ছেড়ে মুম্বইমুখী হতে দেখা গেছে বিদেশি অভিনেত্রী অ্যালেকজান্দ্রিয়া টেলর এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে। শন বন্দ্যোপাধ্যায় ও যশ-নুসরতের মতো তারকাদের নামও শোনা যাচ্ছে। ৩১ আগস্ট থেকে প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় সম্প্রচারিত হবে এই জনপ্রিয় শো।
