যাদবপুরে ‘আজাদি’ স্লোগান থেকে পিএইচডি দুর্নীতি, সিবিআই তদন্তের দাবিতে সরাসরি আচার্যের দরবারে এবিভিপি! – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে রাজ্যপাল তথা আচার্যের দ্বারস্থ হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ রক্ষা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিভিপির একটি প্রতিনিধিদল রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারীসহ অন্যান্যরা। সম্প্রতি ক্যাম্পাসে ‘আজাদি’ স্লোগান এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এবিভিপির পক্ষ থেকে পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্ত এবং ক্যাম্পাসে দেশবিরোধী গতিবিধির অভিযোগের উচ্চপর্যায়ের তদন্তের জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ এবং জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবিও উত্থাপন করা হয়েছে। রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য জানান, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি, যাতে প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত থাকে।
