সন্ত্রাসমুক্ত মধ্য এশিয়া গড়তে তাসখন্দ-বিশকেকে মোদীর মেগা মিশন, কোন বড় বার্তা দিল ভারত? – এবেলা

এবেলা ডেস্কঃ
সন্ত্রাসবাদমুক্ত একটি স্থিতিশীল অঞ্চল গড়ে তোলার বড় বার্তা দিয়ে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের চারদিনের সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই যাত্রার শুরুতেই তিনি জানান, নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগ—এই তিন স্তরের ওপর ভিত্তি করেই মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে। সফরের প্রথম পর্বে তাসখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া তিনি সেখানে শাস্ত্রি মেমোরিয়াল ও মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করবেন।
উজবেকিস্তান সফর শেষে বিশকেকে পৌঁছে প্রধানমন্ত্রী ২৬তম সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। চলতি বছর সংস্থাটি প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করছে। এই ঐতিহাসিক মুহূর্তে উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদের মতো অভিশাপ থেকে অঞ্চলটিকে মুক্ত করতে সদস্য দেশগুলোর একসঙ্গে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া তিনি ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন। রাজনৈতিক মহলের মতে, মোদীর এই কূটনৈতিক সফর মধ্য এশিয়ার সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতার বন্ধন জোরালো করার পাশাপাশি গোটা অঞ্চলের অর্থনীতি এবং নিরাপত্তায় নতুন গতি আনবে।
