ক্যামাক স্ট্রিটে অভিষেকের রাজনৈতিক কার্যালয় দখলদারির মুখে! মালিকপক্ষের আইনি নোটিশে চরম অস্বস্তিতে তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার অভিজাত ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়কে কেন্দ্র করে তীব্র আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। আদালতের নির্দেশ বা মালিকপক্ষের যথাযথ অনুমতি ছাড়া সম্পত্তির একাংশ জবরদখল করে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই বাড়ির মালিকপক্ষের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের চুক্তি হলেও শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত জায়গা দখলের অভিযোগ তুলেছে মালিকপক্ষ। তৎকালীন সময়ে জেলবন্দী নেতা দেবরাজ চক্রবর্তীর স্বাক্ষরিত ওই চুক্তির তোয়াক্কা না করে মালিককে অন্ধকারে রেখে বড় বড় বিলবোর্ড ও হোর্ডিং লাগানোর অভিযোগ উঠেছে। প্রবীণ গৃহকর্ত্রী রমা দেবী গোয়েঙ্কা বারবার আপত্তি জানালেও প্রভাব খাটিয়ে তা উপেক্ষা করা হয় বলে দাবি করা হয়েছে।
এর আগে পুরসভার পক্ষ থেকে গ্যাস কাটার ব্যবহার করে ওই চত্বরের বেআইনি হোর্ডিং ও ব্যানার সরিয়ে ফেলার সময় পুলিশ ও তৃণমূলকর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে, শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব এই পুরো অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। কোনো রকম আগাম নোটিশ ছাড়াই পুলিশ ও পুরসভার এই পদক্ষেপ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবরদখল টিকিয়ে রাখার অভিযোগে ক্যামাক স্ট্রিটের এই কার্যালয়টি বর্তমানে তীব্র রাজনৈতিক ও আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
