অনুদান কি মিলবে? বড় ধাক্কার মুখে রাজ্যের এই পুজো কমিটিগুলি! – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলেও সরকারি অনুদান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। রাজ্য সরকারের তরফে অনুদান সংক্রান্ত নতুন নির্দেশিকা না আসায় আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট মহকুমার একাধিক দুর্গাপুজো কমিটি। সরকারি সাহায্য মিলবে কি না, মিললেও তার পরিমাণ কত হবে, সেসব স্পষ্ট না হওয়ায় অনেক কমিটিই এখনও পুজোর বাজেট চূড়ান্ত করতে পারছে না। ফলে উদ্বেগ বাড়ছে উদ্যোক্তাদের। পুজো কমিটিগুলির একাংশের দাবি, সরকারি অনুদানের টাকা হাতে আসবে ধরে নিয়েই প্রতিবছর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা ও অন্যান্য খাতে খরচের পরিকল্পনা করা হয়। অনুদানের পরিমাণ জানা না থাকায় এবার বাজেট করা যাচ্ছে না। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলির চিন্তা সবথেকে বেশি।
গত কয়েক বছরে সরকারি সাহায্য পুজোর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই অর্থের উপর নির্ভর করে অনেক কমিটিই মণ্ডপ ও আলোর কাজে বাড়তি পরিকল্পনা করে। কিন্তু অনুদান না মিললে অথবা কম এলে শেষ মুহূর্তে খরচ কমাতে হবে, যার প্রভাব পড়বে পুজোর আয়োজনে। এর পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরি, মণ্ডপ নির্মাণ, আলো ও ঢাকের খরচ বাড়ার আশঙ্কাও রয়েছে। ফলে সরকারি অনুদান নিয়ে দ্রুত স্পষ্ট বার্তা না মিললে আর্থিক চাপ সামলানো কঠিন হতে পারে। শুধু অনুদানের পরিমাণ নয়, গত বছর সাহায্য পাওয়া কমিটিগুলি এবারও তালিকায় থাকবে কি না, উদ্বেগ তা নিয়েও। প্রশাসন জানিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান সংক্রান্ত কোনও স্পষ্ট বার্তা এখনও আসেনি।
