কেনার আগেই চিনুন অস্বাস্থ্যকর খাবার, প্যাকেটের গায়ে বড় অক্ষরে লেখা থাকবে ‘হাই সুগার’ ও ‘হাই সল্ট’ – এবেলা

এবেলা ডেস্কঃ
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, নুন কিংবা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে কি না, তা এবার ক্রেতারা এক পলকেই বুঝে নিতে পারবেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এ ধরনের পণ্যের প্যাকেটে একটি উজ্জ্বল লাল রঙের ষড়ভুজাকৃতি ‘রেড ওয়ার্নিং’ লেবেল যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি হলফনামায় এ প্রস্তাব জানিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ও FSSAI-কে সতর্ক করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো।
নতুন এই প্রস্তাব অনুযায়ী, প্যাকেটের ওপর স্পষ্ট ও বড় অক্ষরে ‘‘HIGH SUGAR’’, ‘‘HIGH SALT’’ অথবা ‘‘HIGH FAT’’ লেখা থাকা বাধ্যতামূলক করা হবে। সাধারণ পুষ্টিগুণ সংক্রান্ত লেখার আকারের চেয়ে এই সতর্কবার্তার অক্ষরের সাইজ অন্তত এক পয়েন্ট বড় রাখতে হবে, যাতে তা সহজেই নজরে আসে। তবে ঘি, তেল, নুন, চিনি, গুড় ও মধুর মতো একক-উপাদান বিশিষ্ট প্রাকৃতিক খাবারগুলোকে এই নিয়মের আওতা থেকে ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং সঠিক খাবার বেছে নিতে সাহায্য করতেই এই বড় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
