কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের জন্য একাধিক মেগা ঘোষণা: তৈরি হচ্ছে বাজেট ট্যুরিস্ট লজ, হবে পুষ্পবৃষ্টি – এবেলা

এবেলা ডেস্কঃ
রামপুরহাট: আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূম সফরে এসে তারাপীঠ ও রামপুরহাটের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর রামপুরহাটে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
কৌশিকী অমাবস্যায় বিশেষ আকর্ষণ ও নিরাপত্তা আগামী ১০ সেপ্টেম্বর (২৩ ভাদ্র) কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের সুবিধার্থে ও উৎসবকে আরও বর্ণময় করতে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, টাকার কোনো অভাব হবে না এবং সমস্ত সরকারি দফতর যৌথভাবে কাজ করবে। অমাবস্যার দিন আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে মন্দিরে পুষ্পবৃষ্টি করা হবে।
পুণ্যার্থীদের সুরক্ষায় ও সহায়তায় প্রতি ৫ কিলোমিটার অন্তর বিশেষ ‘অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প’ গড়ে তোলা হবে। এসব ক্যাম্পে বাউল শিল্পীদের অনুষ্ঠান, পুলিশ বুথ এবং জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম মোতায়েন থাকবে।
নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বিশাল ট্যুরিস্ট লজ তারাপীঠে আসা পুণ্যার্থীদের থাকার সুব্যবস্থা করতে জেলা শাসককে একটি বড় মাপের ট্যুরিস্ট লজ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই এই লজ তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষ কম খরচে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।
রাস্তা সারাই ও হোটেল সুরক্ষায় কড়া বার্তা বৈঠকে আগামী ১০ অক্টোবরের মধ্যে পুরসভা, পঞ্চায়েত ও PWD-র অধীনে থাকা বীরভূমের সমস্ত রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিউড়ি মেডিক্যাল কলেজ এবং দেউচা-পাঁচামি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অতিথিরা যাতে সকালে না জানিয়ে চলে যেতে না পারে, সেজন্য রাতে বাইরে থেকে হোটেল তালাবন্ধ করে রাখার অভ্যাসের কড়া সমালোচনা করে তিনি বলেন, “এভাবে হোটেলকে জতুগৃহ বানিয়ে রাখা চলবে না। এই ধরনের বিপজ্জনক মানসিকতা অবিলম্বে পরিবর্তন করতে হবে।”
