ভোটের আগে মাস্টারস্ট্রোক! দলিত ‘অপমানের’ বদলায় ফের ‘মহব্বত কি দোকান’ খুলছেন রাহুল গান্ধী? – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়িয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে তথাকথিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দেশে আইন করে অস্পৃশ্যতা নিষিদ্ধ হলেও সমাজে এখনও সেই মানসিকতা বহাল রয়েছে। খাড়গের মতো একজন প্রবীণ দলিত নেতার সভাস্থল পবিত্রকরণের নামে এই আচরণ আদতে দেশের দলিত সমাজের প্রতি গভীর অবমাননা ও অস্পৃশ্যতার মানসিকতারই প্রকাশ বলে দাবি করেছে হাতশিবির।
আসন্ন বিধানসভা নির্বাচনগুলির কথা মাথায় রেখে দলিত ভোট ব্যাংক এবং তাদের সামাজিক মর্যাদার প্রশ্নটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে সামনে আনছে কংগ্রেস। সংবিধান রক্ষা, মহিলা ও সংখ্যালঘু নিরাপত্তার পাশাপাশি এই ইস্যুকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে বিরোধী শিবির। গত লোকসভা নির্বাচনে ‘সংবিধান বাঁচাও’ স্লোগান যেমন ইতিবাচক প্রভাব ফেলেছিল, তেমনই এবার দলিতদের সম্মান ও অধিকারের প্রশ্নটিকে বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ দিতে চাইছে কংগ্রেস। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
