এক কাপ চায়েই বদলে গেল ভাগ্য! মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ২৮ পর্যটক – এবেলা

এবেলা ডেস্কঃ
মাত্র দশ মিনিটের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কর্নাটকের ২৮ জন পর্যটক। নেপাল-তিব্বত সীমান্তে কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে এই ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়েন তাঁরা। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও পথিমধ্যে চা খাওয়ার জন্য গাড়ি থামানো হয়। আর এই সামান্য বিরতি এবং সামান্য দেরির কারণেই বড় বিপদের হাত থেকে বেঁচে যান তাঁরা। চা খাওয়ার সময় হঠাৎই হড়পা বাণের সতর্কতা পান গাড়ির চালক। মুহূর্তের মধ্যে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি সমস্ত পর্যটককে দ্রুত গাড়িতে উঠতে বলেন এবং দক্ষতার সঙ্গে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
ভয়াবহ সেই মুহূর্তের স্মৃতিচারণ করে পর্যটকরা জানান, যখন তাঁরা চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন, তখনই চালক বিপদের কথা জানান। চোখের পলকে চোখের সামনে একের পর এক বাড়ি, গাড়ি ও মানুষ হড়পা বাণে ভেসে যেতে দেখেছেন তাঁরা। চালকের সময়মতো পদক্ষেপে তাঁরা প্রাণে বেঁচে যান এবং কাঠমান্ডুর নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন। উল্লেখ্য, ওই ভয়াবহ বিপর্যয়ে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও চালকের তৎপরতা এবং এক কাপ চায়ের সুবাদে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দক্ষিণ ভারতের এই পর্যটক দল।
