পেটে যেন আস্ত লোহার দোকান! কিশোরের পেট থেকে উদ্ধার ৪৩টি ধাতব বস্তু – এবেলা

এবেলা ডেস্কঃ
তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে ঘটেছে এক অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। স্থানীয় থানদারামপাট্টু রোডের একটি বেসরকারি হাসপাতালে ১৬ বছরের এক কিশোরের পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ৪৩টি বিভিন্ন ধরনের ধাতব বস্তু। বের করা জিনিসগুলোর মধ্যে ছিল ২৩টি কয়েন, ১টি মাদুলি, ১টি নেইল কাটার, ২টি চেন, ৩টি পেরেক এবং ১৫টি হেয়ার পিন। এ ঘটনা দেখে তাজ্জব বনে গেছেন চিকিৎসকরাও।
বেশ কিছুদিন ধরে তীব্র পেটব্যথা এবং বমি নিয়ে হাসপাতালে আসে কিশোরটি। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে করার পর পেটের ভেতর অসংখ্য ধারালো ধাতব বস্তুর উপস্থিতি দেখতে পান। পরিস্থিতির ভয়াবহতা বুঝে ড. সুন্দরপান্ডিয়ান ও তাঁর চিকিৎসকমণ্ডলী দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং শুক্রবার মধ্যরাতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পেটের ভেতর থেকে বস্তুগুলো বের করে নিয়ে আসেন।
জিজ্ঞাসাবাদে কিশোরের মা জানান, তাঁর ছেলে প্রায়ই নিজের জিনিসপত্র হারিয়ে ফেলত। চিকিৎসকদের ধারণা, বিরল অভ্যাসের কারণে বিভিন্ন সময়ে সে অজান্তেই এই জিনিসগুলো গিলে ফেলেছিল। সময়মতো অস্ত্রোপচার হওয়ায় কিশোরটি বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে এবং রবিবার সুস্থ অবস্থায় তাকে ছুটি দেওয়া হয়েছে। পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে এই জটিল চিকিৎসাটি সম্পন্ন করেছে।
