চিকেনস নেকের সুরক্ষায় বড় উদ্যোগ! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্প শেষ করার জোরালো দাবি সাংসদের – এবেলা

এবেলা ডেস্কঃ
চিন সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা বৃদ্ধি এবং সিকিমের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি জানিয়েছেন সিকিমের সাংসদ ইন্দ্র হাং সুব্বা। সম্প্রতি গুয়াহাটিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক বৈঠকে তিনি এই কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি, প্রস্তাবিত মেল্লি-ডেনটাম রেল প্রকল্পের কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন তিনি।
সাংসদ জানান, উত্তর-পূর্বাঞ্চলের চ্যালেঞ্জিং পরিকাঠামোর মধ্যে ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ এই সেবক-রংপো রেল প্রকল্পের কাজ ২০২৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এই রেলপথের সিংহভাগ সুড়ঙ্গ ও সেতু দিয়ে ঘেরা। প্রকল্পটির মাধ্যমে হিমালয়ের কোলে অবস্থিত সিকিম সরাসরি রেল মানচিত্রে যুক্ত হবে। এর ফলে যাত্রী পরিষেবা উন্নত হওয়ার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
