তৃণমূল খতম, বিজেপি স্রেফ ফ্যাসিবাদ! কল্যাণীর মঞ্চ থেকে কার দিকে কড়া হুঁশিয়ারি ছুড়লেন সেলিম? – এবেলা

এবেলা ডেস্কঃ
কল্যাণীর ঋত্বিক সদনে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শেষে এক বিশাল সমাবেশে যোগ দিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে এখন আর তৃতীয় কেউ নেই। গত ১৫ বছর ধরে জমি, খেলার মাঠ থেকে শুরু করে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলি তৃণমূলের দখলে ছিল বলে অভিযোগ করে তিনি জানান, সেই সরকারকে সরিয়ে বিজেপির ক্ষমতায় আসা মানে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়া। স্বাধীনতা আন্দোলনে আরএসএস-এর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে সেলিম বলেন, বামপন্থীদের রাজনৈতিক সিদ্ধান্ত সর্বদা এই বাংলার মাটিতেই নেওয়া হয়, দিল্লি বা বিদেশের কোনও শক্তির নির্দেশে তা পরিচালিত হয় না।
রবিবারের এই সমাবেশে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং নেত্রী মীনাক্ষী মুখার্জি উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, তৃণমূল বলে আর কিছু অবশিষ্ট নেই এবং রাজপথের লড়াইতে একমাত্র বামপন্থীরাই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও বহুত্ববাদী সংস্কৃতির সুরক্ষায় সাধারণ মানুষকে অধিকার রক্ষার এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান বাম নেতৃত্ব।
