রক্তের সম্পর্কই শেষ কথা নয়! সৎ বাবার নামেই মিলবে সন্তানের আইনি স্বীকৃতি, ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নতুন পরিবারে বেড়ে ওঠা শিশুদের জন্ম শংসাপত্রে সৎ বাবার নাম অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করল কলকাতা হাইকোর্ট। পূর্ব বর্ধমানের একটি মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত আইনি কড়াকড়ি বা ‘হাইপার টেকনিক্যাল’ মনোভাব কাম্য নয়। আদালত স্পষ্ট করেছে যে, মা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলে এবং জন্মদাতা বাবা তাতে সম্মতি জানালে, সন্তান তার জন্ম শংসাপত্রে সৎ বাবার নাম ব্যবহার করতে পারবে। সমাজ ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত।
মূলত, ২০১২ সালে বিবাহবিচ্ছেদের পর ২০২২ সালে ওই মহিলা পুনরায় বিবাহ করেন এবং জন্মদাতা বাবার নাম পরিবর্তনের জন্য পুরসভার দ্বারস্থ হন। কিন্তু আইনগত জটিলতার অজুহাতে পূর্ব বর্ধমান পুরসভা জন্ম শংসাপত্র সংশোধন করতে অস্বীকার করায় মামলা গড়ায় হাইকোর্টে। দীর্ঘ শুনানির পর বিচারপতি রাজা বসু চৌধুরী পুরসভাকে অবিলম্বে নতুন জন্ম শংসাপত্র ইস্যু করার নির্দেশ দেন। তবে আদালতের শর্ত অনুযায়ী, নাবালক শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের ইচ্ছায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখবে এবং নতুন শংসাপত্রে পুরনো সনদের বিবরণ স্পষ্ট উল্লেখ থাকবে।
