গায়ক অঙ্কিত খুন কাণ্ডে বড় সাফল্য! উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম ২ শুটার – এবেলা

গায়ক অঙ্কিত খুন কাণ্ডে বড় সাফল্য! উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম ২ শুটার – এবেলা

এবেলা ডেস্কঃ

হরিয়ানার জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে কড়া পদক্ষেপ করল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার ভোরে শামলি জেলায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে এই মামলার সন্দেহভাজন দুই শুটার, যাদের নাম সুমিত ও মোহিত। পুলিশের দাবি, নাকা চেকিংয়ের সময় আটকানোর চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে। এই আকস্মিক গুলিবিনিময়ে দুই পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গত বুধবার সন্ধ্যায় শামলির কোতোয়ালি এলাকায় জিম থেকে ফেরার পথে কুড়ি রাউন্ড গুলি চালিয়ে খুন করা হয় অঙ্কিতকে। এই ঘটনার পর গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর সঙ্গে যুক্ত ‘গোগী গ্যাং’ সোশ্যাল মিডিয়ায় খুনের দায় স্বীকার করে জানায়, মৃত গ্যাংস্টারকে নিয়ে গান বানানোর প্রতিশোধেই এই হত্যা। ঘটনার তদন্তে নেমে ভোর চারটে নাগাদ কারনালের দিক থেকে আসা একটি সন্দেহভাজন বাইক আটকাতে গেলে এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানিয়েছে, চারজন শুটার এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল এবং পলাতক বাকিদের ধরতে তল্লাশি অভিযান জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *