চলন্ত বাসে ফের নির্ভয়া-কাণ্ডের ছায়া: দিল্লিতে ১৬ বছরের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর – এবেলা

চলন্ত বাসে ফের নির্ভয়া-কাণ্ডের ছায়া: দিল্লিতে ১৬ বছরের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে ফের ২০১২ সালের ভয়াবহ ‘নির্ভয়া-কাণ্ডে’র স্মৃতি উসকে চলন্ত বাসে ১৬ বছরের একাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মৈনপুরীর বাসিন্দা ওই কিশোরী পারিবারিক অভিমানের জেরে বাড়ি থেকে বেরিয়ে নয়ডায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। ৪ আগস্ট রাতে প্রবল বৃষ্টির কারণে ভুল জায়গায় নেমে পড়ে সে।

সাহায্যের আশায় একটি খালি স্লিপার বাসকে হাত দেখালে চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপ তাকে বাসে তোলে। বাসটি তিমারপুরের দিকে যাওয়ার সময় বাসের পর্দা দিয়ে ঘেরা স্লিপার অংশে চালক ও কন্ডাক্টর মিলে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় ৪৭ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর গভীর রাতে তাকে কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রিং রোডে ফেলে পালিয়ে যায় তারা।

ঘটনার পর আতঙ্কিত কিশোরী কাশ্মীরি গেট থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। তিমারপুরের বাস পার্কিং থেকে অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয় এবং অপরাধে ব্যবহৃত বাসটি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে। রাজধানীর বুকে এক যুগেরও বেশি সময় পর আবার চলন্ত বাসে এমন নৃশংস ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *