বর্ষার শেষলগ্নে নিম্নচাপের থাবা: দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, উত্তরে কমলা সতর্কতা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষার বিদায়লগ্নে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় হওয়া সুস্পষ্ট নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত। দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি রয়েছে এবং এই পরিস্থিতি ৪ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিঘায় (৭৪ মিমি), যার পরেই রয়েছে সাগর দ্বীপ (৬৫ মিমি)। সমুদ্র উত্তাল থাকার কারণে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও, পূর্ব ও মধ্য ভারতে মৌসুমি বায়ুর নতুন করে সক্রিয়তা বৃষ্টির ঘাটতি কিছুটা মেটাতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
