লালবাজারে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের! কলকাতার কোন ৫টি এলাকা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা? – এবেলা

এবেলা ডেস্কঃ
শহরের অপরাধের ‘হটস্পট’গুলি চিহ্নিত করতে কলকাতার প্রতিটি থানা ও গোয়েন্দা দপ্তরের ওসিদের কঠোর নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। সোমবার লালবাজারে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি জানান, কোন এলাকায় কী ধরনের অপরাধ বেশি হচ্ছে, তার সঠিক তালিকা প্রস্তুত করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রতিটি অপরাধের নিরিখে অন্তত পাঁচটি করে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে হবে। এলাকাগুলি নির্ধারিত হওয়ার পর সেখানে থানা ও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে এবং অপরাধ দমনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হবে। পাশাপাশি, সাইবার অপরাধ ও মাদক পাচার রুখতে বিভিন্ন এলাকায় লাগাতার সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জুলাই মাসের বিভিন্ন অপরাধের তথ্য পর্যালোচনা করে পুলিশ কমিশনার স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কেবল অভিযুক্তদের গ্রেপ্তার করলেই চলবে না, বরং প্রতিটি মামলায় কঠোর সাজা নিশ্চিত করতে হবে। বিশেষ করে পকসো (POCSO) মামলার ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে অবশ্যই চার্জশিট পেশ করার কথা বলা হয়েছে। অতীতে যেসব ক্ষেত্রে এই সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়নি, সেগুলি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে এবং অপরাধের সম্পূর্ণ ডেটা ব্যাংক তৈরি করতে ভার্চুয়াল মাধ্যমে আবারও বৈঠক করবেন পুলিশ কমিশনার।
